“একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়”
— মাওলানা আবুল কালাম আজাদ এমপি
খুলনা প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তিনি নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে অংশ নেওয়া আমাদের সবার নৈতিক কর্তব্য।”
নিজেকে জনগণের ‘খাদেম’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন; এখন সঠিকভাবে সে দায়িত্ব বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, অ্যানেসথেসিয়া বিভাগের ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. শাকিলা আফরোজসহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা সদস্য কাজী তামজিদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডা. আসাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের শুরুতেই এমন উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।
ঊআ-রহমাতুল্লাহ
