UsharAlo logo
, |

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফুলতলায় মিলাদ ও দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা রাখায় বেগম খালেদা জিয়া সকলের কাছে দেশনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। একাধিকবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েও তিনি আমৃত্যু গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তিনবার প্রধানমন্ত্রীসহ পাঁচবার নির্বাচনে অংশগ্রহণ করে অপরাজিত ছিলেন—এমন মন্তব্য করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী আসগার লবি।

মঙ্গলবার দুপুরে ফুলতলা উপজেলার ধামালিয়া ইউনিয়নে বিএনপি নেতা সরোয়ারের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী আসগার লবি বলেন, আজ আমরা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ অনুসরণ করে শান্তি ও ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপোষহীন এই নেত্রীর দোয়া অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের ঐক্য ও শক্তি অটুট রেখে নির্বাচনী প্রক্রিয়ার আগে মনোবল আরও দৃঢ় করে সামনে এগিয়ে যেতে হবে। দেশের জন্য দেশনেত্রী যে ত্যাগ স্বীকার করেছেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল ধর্ম, বর্ণ ও শ্রেণিপেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে বিশেষ প্রার্থনা করবেন। জিয়া পরিবার সবসময় দেশের ক্রান্তিলগ্নে দেশ গঠনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে। আসন্ন সংসদ নির্বাচনে আপামর জনসাধারণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেত্রীর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, মো. শহিদুল ইসলাম বিশ্বাস, দেলোয়ার হোসেন টুটুল, মোহাম্মদ আসলাম মোল্লা, মাসুম বিশ্বাস, ইলিয়াস মোল্লা, রাজ্জাক বিশ্বাস, সাইফুল বিশ্বাস, মাহাবুর মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঊআ-মোহন চৌধুরী