ঊষার আলো রিপোর্ট : দিনের বেলা ফেরি চলাচল বন্ধ থাকলেও রাজধানী শহর ঢাকা থেকে বের হওয়া ঘরমুখো মানুষের ভীরে লোকারণ্যে পরিণত হতে শুরু করেছে মাওয়া-শিমুলিয়া ফেরিঘাট। ফেরি ঘাটে ঘরমুমখো মানুষের যাতায়াত ঠেকাতে পুলিশের কড়া পাহারাও মানছে না কেউ। পথে ২ টি পুলিশি চেকপোস্ট পেরিয়ে ভোর থেকে বিকল্প পথে ফেরিঘাটে পৌঁছাচ্ছে রাজধানী ছেড়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দেওয়া শত শত মানুষ।
আজ সকাল ৬ টার দিকে শিমুলিয়া ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘাট সংলগ্ন পুলিশের চেকপোস্টে পুলিশের সুপারের নেতৃত্বে পাহারা জোরদার করা হয়েছে। পণ্যবাহী পরিবহন ছাড়া কাউকেই ঘাটের দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবুও পায়ে হেটে দীর্ঘ পথ পারি দিয়ে মানুষ যাচ্ছে ঘাটের দিকে।
মাওয়া-শিমুলিয়া ঘাট পুলিশ চেকপোস্টে দায়ীত্বরত পুলিশ সদস্য বলেন, আজ প্রাশাসন কড়া অবস্থানে রয়েছে। কোনভাবেই কাউকে ঘাটের দিকে যেতে দেওয়া হবে না।
এর আগে মুন্সিগঞ্জ শ্রীনগরে আরেক দফা চেকপোস্টের মুখে পড়তে হয়েছে ঘরমুখো মাওয়ার যাত্রীদের। এক্সপ্রেস হাইওয়ে চেকিংয়ে দায়িত্বরত ১ পুলিশ সদস্য বলেছে, কোনও ধরণের পরিবহন মাওয়া ঘাটের দিকে যেতে দেওয়া হবে না। ভোর থেকেই এখানে সব ধরণের পরিবহন আটকে রাখা হচ্ছে।
পদ্মা পারি দেওয়ার অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, আজানের পরে এখানে এসে উপস্থিত হয়েছি। ফেরি একটা মাঝ নদীতে নিয়ে রেখে দিয়েছে। ফেরি না ছাড়লে বাড়ি যাওয়া কষ্ট হয়ে যাবে। ট্রলার, স্পিডবোড কিছুই চলছে না। তবুও অপেক্ষা করছি যদি কোনও ব্যবস্থা হয়।
লাবনী নামে এক নারী যাত্রী বলেন, রাস্তায় পুলিশের জেরা ও চোখ ফাঁকি দিয়ে নানা বাহনে করে এখানে এসে পৌঁছেছি। এখন পদ্মা কীভাবে পার হবো তা জানি না। তবে বাড়ি তো আমার যেতেই হবে।
(ঊষার আলো- এম. এইচ)
