যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, শহিদ বুদ্ধিজীবীরা আমাদের সূর্যসন্তান, তারা জাতির অমূল্য সম্পদ। ১৯৭১ সালে মহান বিজয়ের প্রাক্কালে যেসব শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, তারা তাদের মেধা ও মননে জাতিকে আলোকিত করেছিলেন। ইতিহাসের বাঁকে বাঁকে সংগ্রাম ও বিপ্লব কেন অনিবার্য হয়ে ওঠে, তা নতুন প্রজন্মকে বুঝতে হবে। আমাদের ইতিহাস জানার মধ্য দিয়েই ভবিষ্যৎ পথচলা সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ঊআ-মোহন চৌধুরী
