UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৩ আসনে আড়ংঘাটায় জামায়াত প্রার্থীর প্রাণবন্ত জনসংলাপ, মানুষের দুয়ারে দুয়ারে আশার বার্তা

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনের আড়ংঘাটা থানার ৪ ও ৫ নং ওয়ার্ডে এক প্রাণবন্ত জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগর আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সরাসরি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও বঞ্চনার কথা শোনেন।

জনসংলাপে অংশ নেওয়া এলাকাবাসী রাস্তাঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সামাজিক নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা শেষ করে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তরুণ প্রজন্ম হতাশার দিকে ধাবিত হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

এ সময় অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “জনগণের কণ্ঠই আমাদের রাজনীতির মূল শক্তি। ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লা প্রতীকের রাজনীতি।” তিনি আরও বলেন, আড়ংঘাটার উন্নয়ন মানে শুধু ইট-পাথরের অবকাঠামো নয়; বরং শিক্ষা, নৈতিকতা, কর্মসংস্থান ও সামাজিক ইনসাফ নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। তরুণদের দক্ষ করে গড়ে তোলা, নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনসংলাপে উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানা আমীর মোনোয়ার আনসারী, সেক্রেটারি মো. ফিরোজ আহমেদ তুহিন, ছাত্রশিবির সভাপতি মো. রায়হান হোসেন, সেক্রেটারি শামীম শেখ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহিনুল ইসলাম, সেক্রেটারি কামাল হোসেনসহ জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক সংগঠন ও মহিলা জামায়াতের নেতৃবৃন্দ। এ ছাড়াও শিশু, নারী, তরুণ ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসংলাপে অংশ নেন।

জনসংলাপ শেষে অধ্যাপক মাহফুজুর রহমান সবার কাছে দোয়া কামনা করেন এবং একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে দাড়িপাল্লা প্রতীকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

জনসংলাপে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, “যে নেতা আমাদের কথা শোনেন, আমাদের মাঝেই থাকেন—আমরা তাঁর সঙ্গেই থাকব।” আড়ংঘাটার রাজনীতিতে এই জনসংলাপ নতুন আশার আলো জ্বালিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ঊআ-মোহন চৌধুরী