খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেবিএইউ) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেটেড) অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত চেতনা গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বিশ্ববিদ্যালয় সমান গুরুত্ব দিচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সম্প্রীতি, দায়িত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. গাজী আবদুল্লাহেল বাকী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ২-১ গোলে ইসলামিক স্টাডিজ অ্যান্ড ল (আইএসএলএম) বিভাগকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ইংরেজি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। দিনের শেষ ম্যাচে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ ২-০ গোলে সিএসই বিভাগকে হারায়।
আগামী ১২ জুলাই বিকেল ৪টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের মধ্যে এবং বিকেল ৫টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৪ জুলাই বিকেল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।
