কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। পরে উদ্ধার ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ঊআ-মোচৌ
