বিনোদন ডেস্ক : মাত্র ৫৭ বছরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এই অভিনেতা শ্যুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বুধবার (২৩ মার্চ) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি ‘পথভোলা’, ‘সুরের আকাশে’, ‘পাপী’, ‘শেষ প্রতীক্ষা’, ‘সীমান্ত পেরিয়ে’, ‘রাত্রি শেষের তারা’, ‘আলো’ ইত্যাদি। এছাড়া ‘টাপুর টুপুর’, ‘চোখের তারা তুই’, ‘ফাগুন বৌ’, সহ বহু জনপ্রিয় টিভি সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। ’
গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়ালিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে মারা যান। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার দাবি করেছে, এই অভিনেতা শ্যুটিং চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। বুধবার একটি রিয়েলিটি শো-তে অংশ নিতে গিয়ে অসুস্থতা বোধ করেন।
জি নিউজ বাংলা জানিয়েছে, রিয়েলেটি শোতে অসুস্থ বোধ করার পরও তিনি হাসাপতালে যেতে রাজি হননি। টালিউডের আরেক অভিনেতা ভরত কল বলেছেন, ‘মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ওই অবস্থাতেই কিছুক্ষণ শ্যুটিংয়ের পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবারও তিনি স্টার জলসার ‘ইসমার্ট জোডি’ রিয়্যালিটি শো-তে শ্যুট করতে আসেন। সেখানেই আচমকা প্রেসার নেমে আসে ৮০-তে। ‘
অভিনেতা ভরত কল আরও জানান, ‘অসুস্থতা বোধ করার সঙ্গে সঙ্গে অভিষেককে ব্ল্যাক কফি দেওয়া হয়। আনুমানিক দুপুর আড়াইটার দিকে তিনি সেই শো থেকে নিজের বাড়িতে ফিরে যান। সেটাই আমাদের শেষ দেখা। ‘ এরপর নিজের বাড়িতেই বুধবার রাত ১টা ১০ মিনিটের দিকে মারা যান অভিষেক। বাড়িতে তাকে স্যালাইন পুশ করা হচ্ছিল বলেও কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে। অভিষেকের এই অকাল প্রয়াণে টালিউডে শোকের ছায়া নেমে এসেছে।
