ঊষার আলো প্রতিবেদক : খুলনা নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোলে পড়ে আব্দুল্লাহ নামের ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে মহানগরীর খালিশপুর পৌর সুপার (চিত্রালী কিচেন) মার্কেটে এ ঘটনা ঘটে। শিশুটি খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, খালিশপুর পৌর সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিল। আব্দুল্লাহ তার আশেপাশে খেলতে খেলতে ম্যানহোলে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অবশেষে বাচ্চাটিকে তোলা গেলেও বাঁচানো যায়নি। নির্মাণাধীন খালিশপুর পৌর সুপার মার্কেটের ম্যানহোলে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পাড়ায় বিশ্বব্যাংক প্রকল্পের ফান্ড বন্ধ করে দেয়। যার কারণে কন্টাক্টররা আর দায়িত্বে নেই। পরবর্তীতে সিটি কর্পোরেশন ও বিশ্বব্যাংক মার্কেটের কাজ করছে। আপাতাত কাজ বন্ধ রয়েছে।
খালিশপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি দু:খজনক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
