ঊষার আলো প্রতিবেদক : রূপসার শিয়ালী মধ্যপাড়া এলাকার চিত্তরঞ্জন বালা হত্যা মামলায় র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) গোপন সূত্রে সমীর বালা(৬৭)কে গ্রেফতার করেছে। সে শিয়ালী মধ্যপাড়ার মৃত সুধীর বালার ছেলে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব জানায়, আসামী সমীর বালা ও চিত্তরঞ্জন বালাদের মধ্যে জমিজমার দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের হিসেবে ২৩ এপ্রিল সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় কথাকাটাকাটির একপর্যায়ে আসামী সমীর বালা ভিকটিম চিত্তরঞ্জন বালাকে লাঠি দিয়ে আঘাত করে। ফলে ভিকটিম গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, রুপসা, খুলনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার বিষয়ে ভিকটিমের ছেলে বাদী হয়ে রুপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ও আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। পরে সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী’কে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
