ঊষার আলো রিপোর্ট : বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আইকিউ এয়ারের শীর্ষে ছিল শহরটি।স্কোর ছিল ২৮০। এসময় ঢাকার বাতাসের মান ছিল ‘ঝুঁকিপূর্ণ’।
মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয় ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে। এটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
সোমবার ঢাকার একিউআই স্কোর ছিল ২৮০। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। শহরটির বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
দেশের বাতাসে দূষণ প্রতিদিনই বাড়ছে। গত সপ্তাহেও সাত দিনের (শুক্র থেকে বৃহস্পতিবার) মধ্যে ছয় দিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ ছিল ঢাকা।
ঊষার আলো-এসএ
