UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, ডিবির অভিযানে আরও ৩ জন আটক

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা পুলিশের হাতে ৭৫ পিস ইয়াবাসহ একজন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে আরও তিনজন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খুলনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বটিয়াঘাটা থানার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা এলাকায় রাস্তার পাশে খাসজমিতে নির্মিত একটি কাঁচা ঘরে অভিযান চালিয়ে মো. রসুল শেখ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার রসুল শেখ দেবীতলা এলাকার ইসমাইল শেখের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১৯ ও ২০২২ সালে দায়ের করা দুটি মাদক মামলার তথ্য রয়েছে। এ ছাড়া ২০২৪ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানায় মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলার তথ্যও পাওয়া গেছে।

অন্যদিকে, গত ১৮ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা ও ডুমুরিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন—নুর ইসলাম আকন ওরফে নুরু (৩২), মো. নয়ন হাওলাদার (৩২) এবং মো. আবু হানিফ (৩১)। পুলিশের তথ্য অনুযায়ী, নুর ইসলাম আকনের স্থায়ী বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সূতালড়ি এবং বর্তমান ঠিকানা খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া। তার বিরুদ্ধে পূর্বে দুটি মামলার তথ্য রয়েছে। মো. নয়ন হাওলাদার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা। তাকে বটিয়াঘাটা এলাকার একটি কথিত সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে, আবু হানিফ দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকার বাসিন্দা।

তিনি পথের বাজার বটতলা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য রয়েছে। গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ। খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঊষার আলো-এসএ