ঊষার আলো রিপোর্ট : ইত্যাদি আর ঈদ একই সূত্রে গাঁথা। দীর্ঘ ৩ দশক ধরে ‘ইত্যাদি’ ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা যোগ করে। এ অনুষ্ঠানটির জন্য দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন। বর্ণিল এবং বিষয়ভিত্তিক নানান উপকরণে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি। শত শিল্পীর পরিবেশনায় থাকবে ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’গানটি। তারকাদের নিয়ে নিত্যনতুন বিষয়ের ওপর মজার মজার পর্ব। বিদেশিদের অংশগ্রহণে সমাজহিতৈষী বিভিন্ন আনন্দদায়ক পর্বও থাকছে। এবারের ‘ইত্যাদির সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। এর কারণ করোনাভাইরাস। চিরাচরিত নিয়মে এবার স্টেডিয়ামে ‘ইত্যাদি’ধারণ করা হয়নি। ইতোপূর্বে প্রচারিত ঈদ ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে ভিন্নভাবে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’। এবার শুরু ও শেষে থাকবে বিশেষ চমক।যা নতুনভাবে ধারণ করে সংযোজন করা হয়েছে এ বিশেষ পর্বে। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের রচনা, পরিচালনা এবং উপস্থাপনায় নির্মিত হয়েছে ‘ইত্যাদি’। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পর দিন রাত আটটার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে ‘ইত্যাদি’।
(ঊষার আলো-আরএম)
