ঊষার আলো রিপোর্ট : খুলনা সদর থানার বাগমারা মেইন রোডের আলামিন গলিতে প্রকাশ্য দিবলোকে সন্ত্রসীরা মো: রাকিব হাসান (২২) নামে এক যুবককে গুলি করেছে।
গুলিবিদ্ধ রাকিব রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বারোপূণ্যের মোড়ে স্ব-পরিবারে বসত করতেন। যদিও তার পেশা সম্পর্কে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দেননি বলে জানা গেছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাকিবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
দুপুর পৌঁনে তিনটার দিকে বাগমারা মেইন রোডস্থ আলামিন গলির সামনে দিয়ে একটি মোটরসাইকেলে তিন যুবক যাচ্ছিলেন। রাকিব তাদের মাঝখানে বসা ছিলেন। তার সাথে থাকা অন্য দুই যুবকের একজন তাকে একাধিক গুলি করে। তিনি রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় ছিটকে পড়লে অন্য দুই জন মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সার্জারি বিভাগের ১১/১২নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রমতে, আহত যুবক গুলিবর্ষণকারীদের সম্পর্কে এবং অন্য কয়েকটি প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে মুখ খোলেননি।
খুলনা সদর থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক টিপু সুলতান বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে কোনো গুলির খোসা জব্দ করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ঘটনার রহস্য উদঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
