UsharAlo logo
, |

খুলনা জেলা বিএনপির ৬ মার্চ ইফতার মাহফিল সফলে উপ-কমিটি গঠন

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচিত সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রুখতে সজাগ থাকার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর খুলনা জেলা শাখার উদ্যোগে আগামী ৬ মার্চ ইফতার মাহফিল সফল করতে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, প্রায় দেড় যুগ পর দেশের জনগণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে একটি নির্বাচিত সরকার পেয়ে গণতন্ত্রের স্বাদ উপভোগ করছে। বিএনপির নিরঙ্কুশ বিজয় মূলত জনগণেরই বিজয়। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও বিএনপির বিরুদ্ধে সক্রিয় ‘বটবাহিনী’ সম্পর্কে জনগণকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় মাহে রমজানে খুলনার সম্মানিত নাগরিক ও দলীয় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ রমজান (৬ মার্চ) খুলনা ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইফতার মাহফিল সফল করতে জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে অর্থ ও ক্রয় কমিটিসহ যুগ্ম-আহ্বায়কদের সমন্বয়ে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

মো. মনিরুজ্জামান মন্টু আরও বলেন, ইফতার মাহফিলকে কেন্দ্র করে কোথাও কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে পর্যন্ত বিএনপির বিরুদ্ধে সীমাহীন মিথ্যাচার চালানো হয়েছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার অব্যাহত রয়েছে। গ্রাম-গঞ্জের তৃণমূল জনগোষ্ঠীকে এসব অপপ্রচার থেকে সতর্ক রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের বলে তিনি উল্লেখ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, কেন্দ্র থেকে শিগগিরই দল পুনর্গঠনের নির্দেশনা আসতে পারে। অতীতে দলের প্রতি ত্যাগ ও নির্যাতনের মূল্যায়ন করা হবে এবং অনুপ্রবেশকারীদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া হবে না। ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে জেলা বিএনপিকে পুনর্বিন্যাস করা হবে বলেও জানান তিনি।

প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজলসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊআ-রহমাতুল্লাহ