UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর থানায় আত্মসমর্পন

ঊষার আলো
মে ৯, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা শহরতলীর দশানী এলাকায় বেকার স্বামী কলেজ পড়ুয়া স্ত্রীকে শ্বাস রোধে হত্যার পর থানায় আত্মসমর্পন করেছে। শনিবার রাতে এ ঘটনার খবর পেয়ে পুলিশ  নিহত কলেজ ছাত্রী সুমা আক্তারের(২১) মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ঘাতক স্বামী আব্দুল্লাহ আল নাইম শান্ত (২৩) থানা কাস্টডিতে রয়েছে। আর ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দশানি বালিকা বিদ্যালয়ের সামনে। নিহত সুমা আক্তার বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামের  আব্দুল করিম বক্সের মেয়ে এবং সরকারি পিসি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিল। আর স্বামী আব্দুল্লাহ আল নাইম শান্ত দশানি এলাকার  গোলাম মোহাম্মাদের ছেলে। এরা প্রেমের সম্পর্ক করে  ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘাতক স্বামী আব্দুল্লাহ আল নাইম পুলিশকে জানায়,  সোমা আক্তার সম্প্রতি পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে এবং  মোবাইল ফোনে টিকটক এ্যাপসে আপত্তিকর ছবি পোষ্ট করে। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। শনিবার বিকেলে নাইম ঢাকা থেকে এসে  সুমা কে বাসায় ডেকে এ হত্যা করে। রাত ৮ টার দিকে সে বাগেরহাট মডেল থানায় গিয়ে স্ত্রীকে হত্যার ঘটনা বলে এবং আত্মসমর্পন করে। নিহত সুমার ভাই রাসেল জানান, নাইম বেকার অবস্থায় তার বোনকে বিবাহ করেছে। তার পিতা-মাতা ঢাকায় থাকে, আমার বোনকে খেতে-পড়তে দিতো না। এসব নিয়ে সংসারে ঝামেলা হতো। এক পর্যায়ে বোন কে হত্যা করে। বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। হত্যাকারী আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত আমাদের হেফাজতে রয়েছে। সে হত্যার দায় ও কারণ পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় নাইম কে আসামী করে নিহতের মাতা কোমেলা বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায়  রবিবার সকালে একটি হত্যা মামলা করেছেন।

(ঊষার আলো-আরএম)