মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর শহীদ হাদিস পার্ক-এর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে বিএনপির পক্ষ থেকে এবং পরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নেতাকর্মীরা নীরবতা পালন ও দোয়া করেন।
এর আগে রাত সাড়ে ১০টা থেকে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হন। সাড়ে ১১টার দিকে তারা সারিবদ্ধভাবে শহীদ হাদিস পার্কের উদ্দেশ্যে রওনা হন। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তাদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।