বার কাউন্সিলের সাম্প্রতিক তালিকাভুক্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা নাগরিক আইন পরিষদ।
বিবৃতিতে বাংলাদেশ বার কাউন্সিলের সাম্প্রতিক আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা, পরীক্ষার প্রক্রিয়া এবং ফলাফল প্রকাশে গুরুতর অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংস্থার পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) খুলনা নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর এ্যাড. মেহেদি হাসান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার আগে বাইরে থেকে সমাধান সরবরাহ এবং প্রভাবশালী মহলের দৌরাত্ম্যের অভিযোগ বিভিন্ন মাধ্যমে উঠেছে। এতে যোগ্য প্রার্থী বঞ্চিত হওয়ায় ন্যায়ের বীজ ক্ষয়িষ্ণু হচ্ছে বলে নাগরিক আইন পরিষদের অভিমত। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, দেশের আইনাঙ্গনের সুনাম রক্ষা এবং ভবিষ্যৎ আইনজীবীদের মাঝে নৈতিকতার ভিত্তি সুদৃঢ় করতে হলে এই অভিযোগগুলো দ্রুত তদন্ত করতে হবে।
ঊআ-মোহন চৌধুরী
