UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের বন্যপ্রাণীসহ জীববৈচিত্র রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি

koushikkln
এপ্রিল ২৯, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) সুন্দরবনের বন্যপ্রাণীসহ জীববৈচিত্র রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বনবিভাগ। ঈদুল ফিতরকে সামনে রেখে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একইসঙ্গে সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং সার্বক্ষণিক টহলের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের ঢল সামাল দিতে ও বনের জীববৈচিত্র রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে।

বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, দেশের সমগ্র সংরক্ষিত বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবন জীববৈচিত্রের আধার। সুন্দরবনে জীববৈচিত্র রক্ষায় পূর্ব অনুমতি ছাড়া সংরক্ষিত এই বনে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পরেও কাঠ পাচারকারী ও চোরা শিকারিরা অবৈধপথে প্রবেশ করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করার চেষ্টা করে। ঈদ উপলক্ষে মৌসুমি হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে। এসব অপরাধী ও মৌসুমি শিকারিদের দমনে ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা ও পর্যটন এলাকাগুলোতে ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ছয় হাজার সতের বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরা, বানর, গুইসাপসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী ও সরীসৃপ, ৮ প্রজাতির উভচরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। সুন্দরী, পশুর, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতাসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ বনে। সুন্দরবনের অভ্যন্তরে নদী ও খালে রয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় ইরাবতীসহ ছয় প্রজাতির ডলফিন, লবণ পানির কুমির, রুপালি ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, কোরালসহ ৪০০ প্রজাতির মাছ এবং বিশ্বখ্যাত শিলা কাঁকড়া।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের সম্পদ সুরক্ষায় বন অধিদফতর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।